চতুর্থ দিনের খেলা শুরু হতেই মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাজঘরে ফেরার পর সাদমান ইসলামের পথ ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও; তিনি ফেরেন মাত্র ১ রান করে।
শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম তিন ওভারে তিনটি বাউন্ডারি আসে—এর মধ্যে দুটি সাদমানের ব্যাট থেকে, আর একটি মুমিনুলের। দুই ব্যাটারই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে লেগ-বিফোর হয়ে ৭৮ রানে বিদায় নেন সাদমান। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা হাতছাড়া করলেন তিনি। এ সময় দলের সংগ্রহ ছিল ১৭৩ রান।
নতুন ব্যাটার হিসেবে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শান্ত। মাত্র পাঁচ বল খেলেই নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি। ১ রান করে গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। দলীয় ১৭৪ রানে পড়ে তৃতীয় উইকেট।
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮৫ রান। এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ৩৯৬ রানে। মুমিনুল হক ৩২ রান নিয়ে অপরাজিত আছেন, আর শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম আছেন ৬ রানে অপরাজিত।



