ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের দীর্ঘদিনের আর্থিক সংকট কাটাতে ম্যাচ ফি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ম্যাচ ফির কাঠামো তুলে ধরে বিসিবি সভাপতি বলেন, চার দিনের ম্যাচে আগে ৭০ হাজার টাকা করে দেওয়া হলেও এখন থেকে ম্যাচপ্রতি দেড় লাখ টাকা দেওয়া হবে। ওয়ানডেতে ম্যাচ ফি ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৪০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।
নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তামিম ইকবাল বলেন, নারীদের ক্রিকেটেও ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। তিন দিনের ম্যাচে আগে ২০ হাজার টাকা দেওয়া হতো, এখন থেকে তা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
বিসিবি সভাপতি জানান, ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের আরও বেশি মনোযোগী করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন খেলোয়াড় পুরো মৌসুম ঘরোয়া ক্রিকেট খেললে বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলেও জানান তিনি।
বিসিবির এই উদ্যোগে ঘরোয়া ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ ও মনোযোগ বাড়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রেরণাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এর মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটের সামগ্রিক মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।



