যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যদি তাঁর প্রদত্ত যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দেয় তাহলে গাজায় যুদ্ধ শেষ হবে।
শনিবার ট্রাম্প জানিয়েছেন যে, ইসরায়েল প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে এবং হামাস এটি মেনে নিলে যুদ্ধবিরতিটি কার্যকর করা হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন—হামাস সম্মত হলে জিম্মি ও বন্দিদের বিনিময় শুরু হবে এবং তার পরবর্তী ধাপে গাজা থেকে ইসরায়েলের আরও সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেয়া হবে। ট্রাম্প এ কর্মপরিকল্পনাকে ‘তিন হাজার বছরের বিপর্যয়ের অবসানের পথে একটি পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প আরও বলেছেন যে, গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে এবং কয়েক দিনের মধ্যে এটি সম্পন্ন হতে পারে। তিনি বলেছেন, তিনি নেতানিয়াহুকে জানিয়েছিলেন—এটি তোমার জয়ের সুযোগ; নেতানিয়াহুর আর বিকল্প না থাকায় তিনি রাজি হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় সামরিক অভিযানকে ‘প্রতিরক্ষামূলক অবস্থায়’ নিয়ে এসেছে এবং এ থেকে শুধুমাত্র স্থলবাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সীমিত আক্রমণ চালানো হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ও নিশ্চিত করেছে যে, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে আপাতত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখা হয়েছে—এ ধাপে জিম্মি মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।



