বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন আপোষহীন লড়াই চালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বেগম জিয়া সবসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথোপকথনে তিনি আমাকে বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং আমার দেশের মানুষ ভালো থাকুক।’ এই কথা শুনে আমি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছিলাম।”
তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কখনোই স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি সবসময় দেশের মানুষের পক্ষেই কথা বলেছেন।
স্বৈরাচার নানা চাপে ফেললেও কখনো দেশত্যাগের কথা ভাবেননি উল্লেখ করে আমিনুল হক বলেন, “আমাদের প্রিয় নেত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দল-মত নির্বিশেষে দেশের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং এক কাতারে দাঁড়িয়েছেন।” তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



