বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে শেহবাজ শরীফ লেখেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের জনগণ, সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানান তিনি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা উচ্চভাবে মূল্যায়ন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি, যেন তিনি দল ও জাতির জন্য সাহস ও দিকনির্দেশনার উৎস হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন।
শেষে তিনি খালেদা জিয়ার প্রতি নিজের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান।



