পাবনার ঈশ্বরদীতে ক্রেতা সেজে একটি জুয়েলার্সে ঢুকে দুই ভরি ওজনের দুটি সোনার মালা নিয়ে পালিয়ে গেছেন এক যুবক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ের মাসুদ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক ও সোনা ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি সোনার মালা কেনার কথা বলে কয়েকটি মালা দেখতে চান। পরে দুটি মালা তার সামনে দেখানো হলে মুহূর্তের মধ্যেই সেগুলো নিয়ে দৌড়ে দোকান থেকে বেরিয়ে যান।
দোকান মালিক জানান, কিছুদূর যাওয়ার পর অন্ধকারের মধ্যে ওই যুবক দ্রুত পালিয়ে যান। পরে তাকে আর আটক করা সম্ভব হয়নি।
চুরি যাওয়া দুটি মালার প্রতিটির ওজন এক ভরি। সে হিসাবে মোট দুই ভরি সোনার মালার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক। তার দাবি, যুবকটি মুখে মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ফুটেজে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়েনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যুবকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



