tanaka
প্রচ্ছদসারাদেশকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৮ থানায় আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৮ থানায় আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশের ১৮টি থানা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এ অভিযান চলে রাত দেড়টা পর্যন্ত। অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না মিললে সতর্ক করে পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, যেসব এলাকায় বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়েছে। আটক কিশোরদের আগে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না, তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬, বুড়িচং থানায় ৫০, মনোহরগঞ্জ থানায় ৪১, দাউদকান্দি থানায় ৫৯ এবং লাকসাম থানায় ৩৫ জনকে আটক করা হয়েছে। অন্য থানাগুলোতেও আটক ব্যক্তিদের তথ্য যাচাই চলছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কারা শিক্ষার্থী, সেটিও যাচাই করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের আদালতে পাঠানো হবে। অন্যদের সতর্ক করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হতে পারে।

থানার সামনে অভিভাবকদের ভিড়

অভিযান শুরুর পর রাত আটটা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, সদর দক্ষিণ মডেল থানাসহ বিভিন্ন থানার সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। সন্তান আটকের খবর পেয়ে অনেক অভিভাবক থানায় ছুটে আসেন এবং গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন।

কোতোয়ালি মডেল থানায় আটক কয়েকজনকে নগরের ঈদগাহ মাঠ এলাকা থেকে আটক করা হয়। তাদের একজন নগরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকেন। ছেলেকে আটকের খবর পেয়ে তার মা থানায় ছুটে আসেন।

তিনি জানান, সন্ধ্যার পর ছেলে প্রাইভেট পড়তে বের হয়েছিল। রাত সাড়ে নয়টার দিকে জানতে পারেন তাকে থানায় নেওয়া হয়েছে। পরে তিনি ছেলের স্কুলের পরিচয়পত্র নিয়ে থানায় আসেন। পুলিশ জানিয়েছে, কোনো অপরাধে জড়িত না থাকলে যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।

সদর দক্ষিণ মডেল থানা এলাকায় আটক কিশোরদের বেশির ভাগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও কোটবাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। তার বাবা কোটবাড়ির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ওই কিশোরের বাবা বলেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলার সময় তার ছেলেকে পুলিশ আটক করে। তার দাবি, ছেলে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত নয় এবং এ বছর এসএসসি পাস করেছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, অভিযানের নামে শিক্ষার্থীসহ অপরাধে জড়িত নয়—এমন কিশোরদেরও আটক করা হলে সমস্যার সমাধান হবে না।

অপ্রতিম হত্যার পর কিশোর গ্যাং নিয়ে নতুন আলোচনা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। তবে গত শুক্রবার রাতে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন কিশোর। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর ১৯ বছর বয়সী এক তরুণকে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপ্রতিম হত্যার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এর মধ্যেই বুধবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বিভিন্ন দলের কর্মকাণ্ড এবং অপরাধে জড়িয়ে পড়ার নানা তথ্য উঠে আসে।

নগরে সক্রিয় একাধিক কিশোর গ্যাং

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন নথির তথ্য অনুযায়ী, কুমিল্লা নগরে একাধিক কিশোর গ্যাং বা দল সক্রিয় রয়েছে। আলোচনায় থাকা দলগুলোর মধ্যে কিং স্কোয়াড, স্কোয়াড বা রতন গ্রুপ, ইগল, সিবিকে ও ক্রাইম সেটআপের নাম রয়েছে। এ ছাড়া অপু ও সাব্বিরের নামে আরও দুটি দলের কথাও জানা গেছে।

তবে কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের কোনো হালনাগাদ তালিকা পুলিশের কাছে নেই।

জানা যায়, ২০১৫ সালের দিকে কুমিল্লা নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা ব্যাপকভাবে আলোচনায় আসে। সে সময় তিন থেকে চারটি দল সক্রিয় ছিল। ২০২২ সালের দিকে আলোচিত দলের সংখ্যা বেড়ে অন্তত ২০টিতে দাঁড়ায়। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১২টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের নাম এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়মিত অভিযান চালাবে পুলিশ

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর আগে জানিয়েছিলেন, গত বছরের ৩০ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে ২৫০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিশোর হওয়ায় তাদের অনেকে গ্রেপ্তারের পর দ্রুত মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে। অনেকের অভিভাবককে থানায় ডেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

সর্বশেষ অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।