tanaka

ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে লিখবে চ্যাটজিপিটি, পড়তে পারবে ই-মেইল ও বার্তাও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখালেখি এখন দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন শব্দচয়ন, বাক্যগঠন ও লেখার ভঙ্গি দেখা...
প্রচ্ছদখেলাকেপ ভার্দের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত, বিস্ফোরক দাবি বনসামের

কেপ ভার্দের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত, বিস্ফোরক দাবি বনসামের

বিশ্বকাপে নকআউট পর্ব শুরুর আগেই আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার আলোচিত ওঝা কোয়াকু বনসাম। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে করা তার একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার তার নিশানায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বনসামের দাবি, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর ম্যাচে আফ্রিকার প্রতিনিধি কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটিকে সামনে রেখে তিনি দৃঢ়ভাবে বলেছেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা শেষ হবে কেপ ভার্দের হাত ধরেই।

এর আগে গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে আলোচিত মন্তব্য করেছিলেন বনসাম। তিনি দাবি করেছিলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এমন ব্যবস্থা করবেন যাতে কেইন ঘানার বিপক্ষে কোনো গোল করতে না পারেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক, আর ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। চলতি বিশ্বকাপে সেটিই ছিল কেইনের একমাত্র গোলহীন ম্যাচ, যা বনসামের বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয়।

ম্যাচ শেষে বনসাম আরও দাবি করেন, তিনিই নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা। তবে তিনি জানান, হ্যারি কেইন তার শত্রু নন। তাই তিনি কেইনের ওপর থেকে নিজের করা ‘জাদু’ তুলে নিয়েছেন, যাতে পরের ম্যাচগুলোতে আবার গোল করতে পারেন। এমনকি কেইনের প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজের এক সন্তানের নাম ‘হ্যারি’ রাখার ইচ্ছার কথাও জানান তিনি।

বনসামের সেই মন্তব্যের পরই পানামার বিপক্ষে গোলের দেখা পান হ্যারি কেইন। ফলে তার ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

তবে আর্জেন্টিনাকে নিয়ে বনসামের সাম্প্রতিক এই দাবি বাস্তবে কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি শেষ ষোলো নিশ্চিত করবে, নাকি কেপ ভার্দে ইতিহাস গড়ে বড় অঘটনের জন্ম দেবে—সেই প্রশ্নের উত্তর মিলবে ৪ জুলাইয়ের ম্যাচেই।