জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মধ্যেও সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের চার জেলায় ২৬৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬৩০ জন।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও মাসিক প্রতিবেদন থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য এবং ত্রুটিপূর্ণ যানবাহনের চলাচল সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম কারণ।
প্রতিবেদনের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ জন এবং মার্চে ৩২ জন মারা যান। এপ্রিলে প্রাণহানির সংখ্যা ছিল ১৫। এরপর মে মাসে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়। জুনে ২৯ জন, জুলাইয়ে ৩১ জন, আগস্টে ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬ জন প্রাণ হারান। শুধু মে ও আগস্ট মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।
দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপের দাবি
সড়কে প্রাণহানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।
অন্যদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, বেপরোয়া গাড়ি চালানো, অনিয়ন্ত্রিত ওভারটেকিং, আইন অমান্য, দূরপাল্লার চালকদের ক্লান্তি ও অসতর্কতা এবং ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। এসব সমস্যা মোকাবিলায় চালক ও যাত্রীদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগেও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।
র্যালি ও পথসভায় নিরাপদ সড়কের আহ্বান
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও পথসভার আয়োজন করে নিসচা জেলা শাখা।
বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা নির্ধারিত সমাবেশস্থলে মিলিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
পথসভায় বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা জেলা শাখার সহসভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান ও আব্দুল হাছিব এবং সদস্য শরীফ আহমদ।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক আবু জাবের ও রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইনবিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান এবং যুববিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালামসহ সংগঠনটির জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।



