tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ নিহত

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ নিহত

কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত মঙ্গলবার ভোরে জানান, রাজধানীর একটি মাদক পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় এতজন নিহত হয়েছেন। হামলায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু এবং প্রায় ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

বার্তা সংস্থা এপি’কে উদ্ধৃত করে অনলাইন টেলিগ্রাফ জানিয়েছে, পাকিস্তান আগেই দাবি করেছে, তারা কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি। তাদের বক্তব্য অনুযায়ী, কাবুলসহ পূর্ব আফগানিস্তানের কোনো বেসামরিক স্থাপনা হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়নি।

সোমবার আফগানিস্তান অভিযোগ করে, পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওই মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছেন, এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। জামান স্থানীয় টিভি সাক্ষাৎকারে বলেন, হাসপাতালের সব অংশ ধ্বংস হয়ে গেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও এই তথ্য এক্সে শেয়ার করেছেন। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখা গেছে, দমকলকর্মীরা ধ্বংসস্তূপে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। হামলার কয়েক ঘণ্টা আগে সীমান্তে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।

মুজাহিদ এক্সে পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং নিহত ও আহতদের অধিকাংশই চিকিৎসাধীন রোগী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জায়েদি হামলাকে অস্বীকার করে বলেছেন, কোনো হাসপাতাল লক্ষ্য করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, হামলাগুলো নির্ভুলভাবে সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের তালেবান সরকারকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জোরদার করার আহ্বান জানায় এবং আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশন ইউএনএএমএ-এর মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

দুই দেশের সীমান্তে গোলাগুলিতে সোমবার চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। খোস্ত প্রদেশে পাকিস্তান থেকে ছোড়া মর্টার শেল গ্রামে আঘাত হানে এবং কয়েকটি বাড়ি ধ্বংস করে। পাকিস্তান এই সংঘর্ষকে ‘উন্মুক্ত যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিযোগ করেছেন, আফগান তালেবান প্রশাসন ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের আহত করছে। জবাবে পাকিস্তান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে সামরিক সরঞ্জাম ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে এই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, তাদের সামরিক বাহিনী ৬৮৪ জন আফগান তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। আফগানিস্তান এই সংখ্যাকে কম বলে দাবি করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শতাধিক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।