tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশএমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। শনিবার (১৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এ নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পাট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে শোকজ করা হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।

তবে চিঠিতে অভিযোগ করা হয়েছে, সদস্যপদ ফিরে পাওয়ার পরও তিনি এবং তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া শোকজ নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে লিখিত জবাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগও উঠেছিল ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। সে সময় এসব অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।