রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা–৪ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে জানানো হয়, নীতিমালার নাম হবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’। এর মূল উদ্দেশ্য নির্বাচনকালীন সময়ে পেশিশক্তি ও সহিংসতা রোধ, জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
নীতিমালার লক্ষ্য ও প্রযোজ্যতা
প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ অনুমোদন দেওয়াই নীতিমালার প্রধান লক্ষ্য। সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচন চলাকালীন মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
লাইসেন্স পাওয়ার যোগ্যতা
- সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে
- যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি থাকতে হবে
- শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে
- আগ্নেয়াস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে
লাইসেন্সের সীমাবদ্ধতা
লাইসেন্স কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্রের জন্য প্রযোজ্য হবে। একাধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না এবং সক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্সের যোগ্যতা থাকবে না।
লাইসেন্সের মেয়াদ
নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ নির্বাচন ফলাফল ঘোষণার তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। মেয়াদোত্তীর্ণ বা বাতিল লাইসেন্সের বিপরীতে আগ্নেয়াস্ত্র দখলে রাখলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিটেইনার নিয়োগের শর্ত
কেবল প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলে রিটেইনার নিয়োগ অনুমোদিত হবে। রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ করা যাবে না। লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি অস্ত্র ক্রয়ে অসমর্থ বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সধারী ও প্রশিক্ষিত ব্যক্তিকে রিটেইনার হিসেবে নিয়োগ করতে পারবেন, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ।
রিটেইনারের যোগ্যতা
- বাংলাদেশি নাগরিক এবং ন্যূনতম বয়স ২৫ বছর
- অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্সপ্রাপ্ত
- আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত (সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন)
- সরকারি হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত
একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগযোগ্য হবে। নির্ধারিত মেয়াদ শেষে রিটেইনারের নিয়োগও স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।



