ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ঘটনার পর বর্তমান নির্বাচন কমিশন নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে উৎসব নয়, প্রতিরোধের কর্মসূচিতে মাঠে নামবে তারা।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। আমরা এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।”
তিনি আরও বলেন, “ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাহলে নির্বাচন কমিশন কীভাবে এমন বক্তব্য দেয়? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামব না, নামব প্রতিরোধের জন্য। সবাইকে আহ্বান জানাই—বিজয় উৎসব নয়, প্রতিরোধের জন্য রাস্তায় নামুন। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। কোথা থেকে এসব ঘটছে, সেটিও এখনও উদ্ঘাটন করা যায়নি।”
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।



