অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এবারের ভোট হবে দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়। তিনি বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ ৫৪ বছর পর এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, এই মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও আরবি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতিমাত্রায় আধুনিকতার নামে শিক্ষার্থীরা যেন মৌলিক ইসলামি শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়।
তিনি জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিকে সমর্থন করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই। কিন্তু আমাদের দেশে তা রাজনীতিবিদদের স্বার্থে ব্যবহৃত হচ্ছে।”



