জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সংযুক্ত সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে অনুমতি ও অবগত করা ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির নেত্রী ফারাহা এমদাদ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, একই দিন দুপুরে ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠক হিসেবে ফারাহা এমদাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে কোনো সম্মতি না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ফেসবুকে শেয়ার করা পদত্যাগপত্রের ক্যাপশনে ফারাহা এমদাদ লেখেন, “এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। এনসিপির সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন।”
জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শনিবারের বিজ্ঞপ্তিতে তাকে ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানতে পারেন। কিন্তু এ বিষয়ে তার কোনো পূর্বানুমতি বা সম্মতি নেওয়া হয়নি, যা তিনি অন্যায্য বলে মনে করেন।
পত্রে তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে তিনি জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে এ দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছেন।
তিনি তাৎক্ষণিকভাবে ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ এবং কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।



