tanaka

বরুণ-জাহ্নবীর সঙ্গে ‘কফি উইথ করণ ৯’-এ অর্জুন, থাকছে বিশেষ চমক

বলিউডের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নতুন সিজনে কোন কোন তারকাকে করণ জোহরের বিখ্যাত ‘কফি কাউচে’ দেখা...
প্রচ্ছদখেলাউয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারকে আবারও ইংল্যান্ড দলে ফিরিয়েছেন কোচ টমাস টুখেল। উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ। এবারের স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন।

২০২৫ সালের জুনের পর প্রথমবার জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। চেলসির মিডফিল্ডার কোল পালমারও ফিরেছেন ইংল্যান্ডের জার্সিতে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া আলোচিত এই দুই ফুটবলার এবার টুখেলের দলে সুযোগ পেয়েছেন।

এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে চারটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। স্পেন, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দল সাজিয়েছেন টুখেল।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন লিভারপুলের ১৮ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের হয়ে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কটও।

টুখেল দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েট। এ ছাড়া দলে ফিরেছেন লুইস হল, ডমিনিক ক্যালভার্ট-লেউইন ও মাইলস লুইস-স্কেলি।

তবে এবারও জায়গা হয়নি ফিল ফোডেনের। বাদ পড়েছেন মর্গান গিবস-হোয়াইট ও অ্যাডাম হোয়াইটনও। বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলি ওয়াটকিনস, ইভান টনি ও ননি মাদুয়েকেও এবার দলে রাখেননি টুখেল।

চোটের কারণে স্কোয়াডে নেই রিস জেমস, জন স্টোনস, ডিজেড স্পেন্স, ড্যান বার্ন, জর্ডান হেন্ডারসন, বেন হোয়াইট ও ডিন হেন্ডারসন। বিশ্বকাপের দলে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনুকে অবশ্য এবারও দলে রেখেছেন টুখেল।

ট্রেন্ট-পালমারকে ফেরানোর ব্যাখ্যা টুখেলের

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করেছেন টুখেল। ইংল্যান্ড কোচ বলেন, মৌসুমের শুরুটা দুজনেরই ভালো হয়েছে। তার মতে, আগে তাদের বাদ পড়ার কারণ ছিল অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া, কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নয়।

পালমারের পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে টুখেল বলেন, তিনি আবার অ্যাসিস্ট ও গুরুত্বপূর্ণ গোলের মাধ্যমে নিজের পরিসংখ্যান ফিরিয়ে আনছেন। পাশাপাশি জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের তাগিদও তার মধ্যে রয়েছে বলে মনে করেন কোচ।

ট্রেন্টকে মূলত রাইট-ব্যাক হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলেও স্পষ্ট করেছেন টুখেল। তবে দলে নিজের জায়গা নিশ্চিত করতে তাকে পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

টুখেলের ভাষায়, ট্রেন্ট কখনোই ইংল্যান্ডের বিবেচনার বাইরে ছিলেন না। এখন তার সামনে ক্যাম্পে এসে নিজের সেরা সংস্করণ তুলে ধরার সুযোগ। জাতীয় দলে জায়গার জন্য তাকে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।

নেশনস লিগে ইংল্যান্ডের সূচি

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের উয়েফা নেশনস লিগ। লিগ ‘এ’-এর গ্রুপ এ৩-এ রয়েছে ইংল্যান্ড। ২৬ সেপ্টেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র।

ইংল্যান্ড স্কোয়াড

গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), জেসন স্টিল (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), জেমস ট্র্যাফোর্ড (লিডস ইউনাইটেড)

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ), জ্যারাড ব্রান্থওয়েট (এভারটন), ট্রেভো চালোবাহ (কোমো), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), লুইস হল (নিউক্যাসল ইউনাইটেড), এজরি কনসা (আর্সেনাল), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কুয়ানসা (বায়ার লেভারকুসেন)

মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন (ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), কোল পালমার (চেলসি), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যালেক্স স্কট (বোর্নমাউথ)

ফরোয়ার্ড: ডমিনিক ক্যালভার্ট-লেউইন (লিডস ইউনাইটেড), এবেরেচি এজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (বার্সেলোনা), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), রিও এনগুমোহা (লিভারপুল), মার্কাস র‍্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), মর্গান রজার্স (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)