বিএনপির মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, বরং জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতার লক্ষণ দেখা দিচ্ছে। সংসদের ভেতরে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাইরে জনগণের আস্থা অর্জনে বিএনপি সফল হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে পরিষ্কার অবস্থান না নিতে পারায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এর ফলে বিএনপি নিজেদের রাজনৈতিক অর্জনের একটি অংশ বিরোধীদের হাতে তুলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে বিদ্যমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
বেলজিয়ামভিত্তিক ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাইফুল হক বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে।
সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত এ সংকট সমাধান না হলে বোরো আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হয়।



