আর মাত্র দুদিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের টানা ছুটি। এবার দীর্ঘ ছুটি মেলায় অনেকেই আগেভাগে ঢাকা ছেড়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন নগরবাসী। ফলে ভিড় বেড়েছে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে।
তবে ব্যতিক্রম গাবতলী বাস টার্মিনালে। ঈদযাত্রাকে কেন্দ্র করে যেখানে ব্যস্ততা থাকার কথা, সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে। টার্মিনালে যাত্রী না থাকায় কাউন্টারে বসে অবসর সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। তবে বিগত কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি। যদিও অধিকাংশ কাউন্টারে যাত্রী নেই বললেই চলে।
কাউন্টারে দ্বায়িত্বরত পরিবহন শ্রমিকদের দেখা যায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। পাশাপাশি টার্মিনালে র্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে। শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. জিকু মল্লিক জাগো নিউজকে বলেন, আর বলেন না ভাই, আমাদের অবস্থা শেষ। ঈদের বাজার গতকাল থেকে যেগুলো অতিরিক্ত ট্রিপ যাচ্ছে তার কোনো কোনো ট্রিপে শুধু খরচের টাকা উঠছে। আবার কোনো গাড়িতে ৩-৪ হাজার টাকা করে লোকসান হচ্ছে, আসন খালি যাচ্ছে। এগুলো নন এসি গাড়ির অবস্থা। এসি গাড়িতে অবস্থা আরও খারাপ। ব্রান্ডের যতগুলো এসি গাড়ি গেছে অধিকাংশ গাড়িতেই আসন খালি গেছে।



