ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সৌদি আরবের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন দাবি করেছে রিয়াদ। দেশটির এক জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
সৌদি সূত্রের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী এবং আইআরজিসির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের কাছে একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সৌদি সূত্র জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং বিভিন্ন আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময় সম্ভাব্য হামলার তথ্য উদ্বেগ বাড়িয়েছে।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে সৌদি পক্ষ।
এর আগে ইরাকের কয়েকটি সূত্রও দাবি করে, কিছু সশস্ত্র গোষ্ঠী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি সূত্র জানিয়েছে, সম্ভাব্য কোনো হামলা হলে তার জবাব দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, ইরান-সমর্থিত গোষ্ঠী এবং পশ্চিমা মিত্রদের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।



