মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আগ্রাসন চালানোর সময় মিত্রহীন হয়ে পড়েছেন। বারবার সহযোগিতা চাওয়া সত্ত্বেও কোনো বন্ধু রাষ্ট্র বা ন্যাটো পাশে দাঁড়ায়নি। এবার যুক্তরাজ্য নতুন করে অবস্থান জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা বাতিল করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এতে জড়াতে যাচ্ছি না।”
স্টারমার বলেন, যুক্তরাজ্য ‘ব্রিটিশ জীবন, স্বার্থ এবং এই অঞ্চলের মিত্রদের রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে’। তিনি আরও যোগ করেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ব্রিটেনের প্রচেষ্টা চলবে, তবে “আমরা এই যুদ্ধে টেনে হিঁচড়ে জড়াতে চাই না।”
তবুও, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে যুক্ত ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমান মোতায়েন করেছে।
সূত্র: আল জাজিরা



