মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় বর্তমানে হাসানুল হক ইনু কারাগারে আছেন। অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে গত ২৩ অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়, যেখানে ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর আসামিপক্ষ সময় আবেদনের পর শুনানি করে ইনুকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়।
গত ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট আন্দোলনকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ইনু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের ‘বিএনপি, জামায়াত, সন্ত্রাসী, জঙ্গি’ ইত্যাদি ট্যাগ দেন এবং উত্তেজনামূলক বক্তব্যের মাধ্যমে উসকানি দেন। অভিযোগে আরও বলা হয়, তৎকালীন সরকারের কারফিউ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা ও নির্যাতনের ঘটনায় তিনি নৈতিক সমর্থন দেন এবং এসব পদক্ষেপ বাস্তবায়নে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
ইনুর বিরুদ্ধে এ মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছে।



