তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষে আসন্ন জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “দেশে ইতোমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার পর নির্বাচনের পর ইজতেমা আয়োজনের বিষয়ে সম্মতি হয়েছে। দুই পক্ষই এ সিদ্ধান্তে একমত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। আপাতত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা বা লক্ষণ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে, এবং বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝিও হয়নি।”
এনআইসিপি’র জুলাই সনদে সই না করা প্রসঙ্গে তিনি বলেন, “ওই দলটির সঙ্গে আলোচনাও চলছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।”
ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, “জাকির নায়েককে দেশে আনার বিষয়ে যারা আগ্রহী তারা দেখা করেছেন। তবে বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নয়; এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। বিদেশি অতিথি সংক্রান্ত দায়িত্ব এই দুই মন্ত্রণালয় পালন করে। এখানে ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কোনো বিষয় নেই।”



