tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইতালিতে ধর্মযাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় সাড়ে চার হাজার মানুষ

ইতালিতে ধর্মযাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় সাড়ে চার হাজার মানুষ

ইতালিতে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে প্রায় সাড়ে চার হাজার মানুষ যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির বৃহত্তম ভুক্তভোগী সংগঠন রেতে ল’আবুসো। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২০ সালের পর থেকে এসব ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছে। খবর রয়টার্সের।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রান্সেস্কো জানার্দি বলেন, ভুক্তভোগীদের সাক্ষ্য, আদালতের নথি এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে ইতালির বিশপ সম্মেলন (সিইআই) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত সপ্তাহে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন ইতালির বিশপ সম্মেলনের কর্মকাণ্ডের সমালোচনা করে কঠোর প্রতিক্রিয়া জানায়। কমিশনটির মতে, ক্যাথলিক গির্জায় শিশু নির্যাতন ও তা গোপন করার প্রবণতা বহুদিন ধরেই বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।

যদিও অন্যান্য দেশে গির্জা কর্তৃপক্ষ এ বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে, ইতালিতে স্থানীয় গির্জা নেতারা তুলনামূলকভাবে নীরব থেকেছেন। তবে নতুন পোপ লিও এ সপ্তাহে প্রথমবারের মতো যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নবনিযুক্ত বিশপদের সতর্ক করে বলেন, “অভিযোগ কখনোই গোপন করা যাবে না।”

এর আগে পোপ ফ্রান্সিস তাঁর ১২ বছরের দায়িত্বকালে শিশু নির্যাতন মোকাবিলাকে অগ্রাধিকার দিলেও ফলাফল ছিল মিশ্র। গত ১৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন জানায়, ইতালির ২২৬টি ধর্মপ্রদেশের মধ্যে মাত্র ৮১টি সুরক্ষা সংক্রান্ত প্রশ্নপত্রের উত্তর দিয়েছে, যা গির্জার স্বচ্ছতার অভাব নির্দেশ করে।

রেতে ল’আবুসো জানিয়েছে, তারা এখন পর্যন্ত মোট ১,২৫০টি সন্দেহজনক নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে ১,১০৬টি ঘটনায় জড়িত ছিলেন ধর্মযাজকরা। বাকিগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিছু নান, ধর্মশিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষক এবং স্কাউট সংগঠনের সদস্য। সব মিলিয়ে ভুক্তভোগীর সংখ্যা ৪,৬২৫ জন, যার মধ্যে ৪,৩৯৫ জনই ধর্মযাজকদের হাতে নির্যাতনের শিকার।