ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদের জন্য ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যান পদে ২০ প্রতীক
চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সাধারণ সদস্য পদে ১২ প্রতীক
সাধারণ সদস্য পদে সংরক্ষিত প্রতীকগুলো হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
সংরক্ষিত নারী সদস্য পদে ১০ প্রতীক
সংরক্ষিত নারী সদস্য পদের জন্য নির্ধারিত প্রতীকগুলো হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
ইসি জানিয়েছে, তাদের পরিকল্পনা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না।
এর আগে ইউপি চেয়ারম্যান নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নির্বাচনি বিধিমালা থেকে দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে। ফলে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীরা নির্ধারিত স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



