ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ত্যাগের সময় একটি বাণিজ্যিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় ক্রু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি গোল্ডেন লিও (MV Golden Leo)। জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক শোকবার্তায় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়।
ইউক্রেনীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গিনি-বিসাউয়ের পতাকাবাহী এবং ভুট্টাবোঝাই গোল্ডেন লিও জাহাজটিকে লক্ষ্য করে রাশিয়া পরপর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আটজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। হামলায় চার ভারতীয়সহ মোট নয়জন ক্রু এবং একজন ইউক্রেনীয় মেরিন পাইলট নিহত হন। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জন।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, এমভি গোল্ডেন লিও জাহাজটির মালিক ভারতের মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড। জাহাজটিতে ভারত ও সিরিয়ার নাগরিকরা নাবিক ও ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



