tanaka
প্রচ্ছদখেলাপ্রতিপক্ষ ফুটবলারকে চড় মারায় মেসির জরিমানা

প্রতিপক্ষ ফুটবলারকে চড় মারায় মেসির জরিমানা

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতিতে জড়ানোর ঘটনায় জরিমানা করা হয়েছে লিওনেল মেসিকে। একই সময়ে বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক সহকারী কোচকেও শাস্তি দিয়েছে ফিফা।

গত বুধবার মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মেসির পাশ দিয়ে যাওয়ার সময় সুলিভান তার বুকে হাত দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেসি সুলিভানের ঘাড়ের পেছনে চড় মারেন। এরপর সুলিভান ঘুরে দাঁড়িয়ে মেসির দিকে এগিয়ে যান। একপর্যায়ে দুজন মাথা ঠেকিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।

এ ঘটনার জেরেই মেসিকে জরিমানা করেছে এমএলএসের শৃঙ্খলা কমিটি। লিগের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া নিষিদ্ধ। সুলিভানের ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় সেই নিয়ম ভঙ্গ করেছেন মেসি। তবে তাকে কত টাকা জরিমানা করা হয়েছে, তা জানানো হয়নি।