আলজেরিয়ায় অবৈধভাবে অবস্থান ও ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগে আটক চার বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া দেশটিতে অবস্থানের অভিযোগ আনা হয়।
দূতাবাস জানায়, আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধ পথে আলজেরিয়ায় প্রবেশ করেছিলেন। বিষয়টি জানার পর বাংলাদেশ দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ দেয়।
দূতাবাসের তৎপরতায় ২০২৬ সালের ৩০ জুন আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুলাই তারা দেশে ফেরেন।
এদিকে, আটক থাকা বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।



