ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন।
আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মৃত্যুবরণ করেন।
এর আগে তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন ভবনের ইটিআই–১০৪ নম্বর কক্ষে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়।
এছাড়াও তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর এবং আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর বের হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।



