tanaka
প্রচ্ছদরাজনীতিআমরা পোষা বিরোধী দল হবো না: বিএনপিকে সারজিস

আমরা পোষা বিরোধী দল হবো না: বিএনপিকে সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি পালন করবে। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকও সরাতে পারেননি।’

তিনি বলেন, ‘সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না।’

বিএনপিকে সতর্ক করে সারজিস বলেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এর ফল কখনো ভালো হবে না।’

বাকস্বাধীনতার প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন নেতা প্রধানমন্ত্রীর সমালোচনা করায় দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তাঁর ভাষা ও সমালোচনার ধরন দলীয়ভাবে সমর্থনযোগ্য না হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার, রিমান্ড ও কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করেন সারজিস। তিনি বলেন, এখনো তাকে জামিন দেওয়া হয়নি।

তারেক রহমানের বাকস্বাধীনতার বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, ‘তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন, আমরা স্বাধীনতা দিচ্ছি। ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে, সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দেবেন—এটা তো হতে পারে না।’

সিফাত নামের এক ব্যক্তির বক্তব্য প্রসঙ্গে সারজিস বলেন, ‘সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছেন, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, এটা তো মিথ্যা মামলা, সন্ত্রাসবিরোধী মামলা, এক বছর আগের মামলা।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।