নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আমরা কেউই আস্থার জায়গায় নেই। এটি এখন একটি জাতীয় সংকট।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমি, আপনি, আমরা সবাই মিলেই এখন আস্থার সংকটে ভুগছি। আমি নিজেও দাবি করি না যে আমি আস্থার জায়গায় আছি। এ সংকট নিরসনে সবাইকে একসাথে কাজ করতে হবে। পেশাগত শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার মাধ্যমেই আস্থা পুনরুদ্ধার সম্ভব।”
ভাল নির্বাচন অনুষ্ঠানের জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আনোয়ারুল বলেন, “ভালো নির্বাচন আয়োজনের জন্য সবাইকে একে অন্যকে সহায়তা করতে হবে। সাংবাদিকরাও নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং তারা ২৪ ঘণ্টা নির্বাচন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকেন।”
আরএফইডি প্রদত্ত নীতিমালার খসড়া সম্পর্কে তিনি বলেন, “এটি যদি আগে পেতাম, তাহলে আরও ভালো হতো। তবুও এখন যৌথভাবে পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে সামনে এগোনো সম্ভব। আমাদের লক্ষ্য একটাই—একটি সুষ্ঠু নির্বাচন।”
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ, কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডি সভাপতি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।



