অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বাসিন্দাদের ঘরবাড়ি হারানো বা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দেশটির বড় একটি অংশে তীব্র তাপপ্রবাহ ও ভয়ংকর দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার অস্ট্রেলিয়ার অধিকাংশ রাজ্য ও অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা দিতে পারে। বিশেষ করে ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ ও ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি।ভিক্টোরিয়া রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সব অঞ্চলেই আগুনের ঝুঁকির মাত্রা ‘চরম’ বা ‘বিপর্যয়কর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভিক্টোরিয়ার কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান জেসন হেফারনান বলেন, ভিক্টোরিয়ার মানুষকে আরও সম্পদের ক্ষতি কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, শুক্রবার ভিক্টোরিয়ায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
মধ্য ভিক্টোরিয়ার লংউড এলাকার কাছে একটি দাবানলে প্রায় ৩৬ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ছোট শহর রাফিতে অন্তত ১০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাফির ফায়ার সার্ভিস প্রধান জর্জ নয় বলেন, শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



