ভারতীয় নারী ক্রিকেট দলে অধিনায়ক পরিবর্তনের পরই হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানাকে ঘিরে অস্বস্তির খবর সামনে এসেছে। তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে হরমনপ্রীত সরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করা হয়। এরপরই দলের ভেতরে বিভাজন তৈরি হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দলের একটি সূত্র জানিয়েছে, হরমনপ্রীত ও স্মৃতির মধ্যে বর্তমানে যোগাযোগের পরিস্থিতি স্বাভাবিক নয়। ওই সূত্রের দাবি, ‘এখন ওদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। ফলে দলের মধ্যেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’
তবে দলের ভেতরের এই কথিত বিভাজনের বিষয়ে হরমনপ্রীত বা স্মৃতির পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।
দলের সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, স্মৃতি মন্ধানা দীর্ঘদিন ধরেই নেতৃত্বের দায়িত্ব পাওয়ার প্রত্যাশায় ছিলেন। কিন্তু নির্বাচকেরা এতদিন হরমনপ্রীতের ওপরই আস্থা রেখেছিলেন। বিশেষ করে ভারতকে প্রথমবার আইসিসি ট্রফি জেতানো হরমনপ্রীতের নেতৃত্বকে গুরুত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এ পরিস্থিতিতে স্মৃতি সন্তুষ্ট ছিলেন না বলেও দাবি করা হয়েছে।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ভারতের বিদায়ের পর নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়। নির্বাচকদের একটি অংশ মনে করেন, ৩৭ বছর বয়সী হরমনপ্রীতের পরিবর্তে এবার নতুন নেতৃত্বের দিকে যাওয়ার সময় এসেছে।
এরপর হরমনপ্রীতকে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব রেখে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে তিনি সেই প্রস্তাবে রাজি না হয়ে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নির্বাচকেরাও শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্ত মেনে নেন।
হরমনপ্রীতের বিদায়ের পর নেতৃত্বের জন্য স্মৃতি মন্ধানাকেই বেছে নেয় ভারত। ফলে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই দলে পুরোনো নেতৃত্বকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা সামনে আসতে শুরু করেছে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর সাবেক অধিনায়ক মিতালি রাজও স্মৃতিকে নেতৃত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় দু’-তিন বছর আগেই স্মৃতিকে ওয়ানডে দলের অধিনায়ক করা উচিত ছিল।’
এদিকে অধিনায়ক পরিবর্তনের পর দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে হরমনপ্রীত ও স্মৃতির মধ্যে সম্পর্কের বর্তমান অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।



