হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ৪৫ জন এবং ২৭৯ জন এখনো নিখোঁজ। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ‘হত্যার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক রয়েছেন। পুলিশ জানিয়েছে, ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল এবং জানালায় লাগানো পলিস্টাইরিন বোর্ড আগুন দ্রুত ছড়িয়ে পড়তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, আগুন অত্যন্ত দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। বাঁশের স্ক্যাফোল্ডিং ও ভবনের বাইরে থাকা সুরক্ষা জাল আগুন নিরোধক ছিল না। জানালাগুলোতেও স্টাইরোফোম পাওয়া গেছে। ঘটনার পরের সকালেও টাওয়ার ব্লকের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে দমকল বিভাগ জানিয়েছে।
এদিকে শত শত বাসিন্দাকে সরিয়ে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং যাদের পুনর্বাসনের প্রয়োজন—তাদের জন্য বিশেষ আবাসন বরাদ্দ করা হচ্ছে।
হংকং ফায়ার ডিপার্টমেন্ট আগুনটিকে লেভেল-ফাইভ অ্যালার্ম হিসেবে ঘোষণা করেছে—যা সর্বোচ্চ সতর্কতা স্তর। এমন মাত্রার অগ্নিকাণ্ড শেষবার ঘটেছিল ১৭ বছর আগে। পুলিশের মুখপাত্র বলেন, নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের চরম অবহেলাই এই মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ বলে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।



