tanaka
প্রচ্ছদজাতীয়বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত উজবেকিস্তানের অনাবাসিক রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে। বিশেষভাবে বস্ত্র, চামড়া, কৃষি, ফার্মাসিউটিক্যাল এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ ও উজবেকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক। বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে আমরা এ সম্পর্ক আরও গভীর করতে চাই।”
রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।

রুশ ফেডারেশন ভেঙে যাওয়ার পর ১৯৯২ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০২৪–২০২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৭.২৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উজবেকিস্তানে বাংলাদেশের রপ্তানি ৩২.৮৩ মিলিয়ন ডলার এবং আমদানি ৪.৪০ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ–উজবেকিস্তান বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশই একে অপরকে সম্ভাবনাময় বাজার হিসেবে দেখে। বৈঠকে বাণিজ্য-সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণ, পর্যটন শিল্পের উন্নয়ন, ঢাকা–তাসখন্দ সরাসরি বিমান চলাচল, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক তথ্য বিনিময় ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।