ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চল্লিশজন কৃষকের মাঝে বিনামূল্যে ইউরিয়া ও পটাশিয়াম সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী কৃষকদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন কার্যক্রম শেষে সার বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম কামরুজ্জামান কামরুল।
আয়োজক সূত্রে জানা যায়, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের জন্য ‘ফার্মাস কার্ড’ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সম্পর্কে অবহিত করতে আয়োজিত উঠান বৈঠকে কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করা হয়। তারা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান।
বৈঠক শেষে আমন মৌসুমে কৃষকদের সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে সার বিতরণ করা হয়।



