tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘বন্ধু হারাচ্ছে ইসরাইল’- ঘনিষ্ঠ মিত্র গ্রিসের সতর্কবার্তা

‘বন্ধু হারাচ্ছে ইসরাইল’- ঘনিষ্ঠ মিত্র গ্রিসের সতর্কবার্তা

ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করেছেন, গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে গেলে ইসরাইল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে। খবর— আরব নিউজ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মিৎসোটাকিস বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে, তবে হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্য হতে পারে না।”

তিনি আরও জানান, গ্রিস ইসরাইলের কৌশলগত অংশীদার হলেও সত্য বলার ক্ষেত্রে তারা পিছপা হবে না। মিৎসোটাকিস সতর্ক করে বলেন, “এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা ইসরাইলের স্বার্থেরই ক্ষতি করবে এবং আন্তর্জাতিক সমর্থনও ক্রমেই কমে যাবে। দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস হলে ইসরাইল তার অবশিষ্ট মিত্রদেরও হারাতে পারে।”

সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ও ইসরাইলের প্রতি ক্ষোভ জানিয়েছে, যদিও গ্রিস এখনো সে দলে যোগ দেয়নি।

অন্যদিকে, জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ তোলেন।

এদিকে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে। একই সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ কারণেই নিউইয়র্ক যাওয়ার পথে তার উড়োজাহাজ ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরাইলের সবচেয়ে বড় মিত্র এবং আইসিসির সদস্য নয়, তাই সেখানে তার গ্রেফতার হওয়ার ঝুঁকি নেই।