সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার কন্যাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাগলা বাজার এলাকার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে প্রথমা চৌধুরী (১৩) — যিনি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন — এবং অটোরিকশাচালক সজল ঘোষ (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কেশবা প্রিয়া ও চালক সজল ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, “পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। পিকআপচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”



