tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসারগোধায় প্রবেশে ফজলুর রহমানসহ ৯ নেতার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা

সারগোধায় প্রবেশে ফজলুর রহমানসহ ৯ নেতার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আগামী ৩০ দিন তারা সারগোধা জেলায় প্রবেশ, বসবাস কিংবা অবস্থান করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারগোধায় জেইউআই-এফের একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই জেলা প্রশাসকের জারি করা বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

ডন-এর হাতে আসা আদেশের অনুলিপি অনুযায়ী, ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (সংশোধনী) অধ্যাদেশের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞাটি ৩০ দিন বহাল থাকবে।

ফজলুর রহমান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আরও আট নেতা। তারা হলেন—লাহোরের মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান ও অধ্যাপক গাজানফর আজিজ; ভাক্কারের মাওলানা সাফি উল্লাহ; মুলতানের মাওলানা মুহাম্মদ নূর খান হানস; ফয়সালাবাদের মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ; মুজাফফরগড়ের মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং ডেরা গাজি খানের মাওলানা জামাল আবদুল নাসির। বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানের নিজ জেলা হিসেবে ডেরা ইসমাইল খানের নাম উল্লেখ করা হয়েছে।

জেলা পুলিশের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, তালিকাভুক্ত নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের বক্তব্য জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব নেতাকে ‘উত্তেজক বক্তা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের মাধ্যমে বেআইনি জনসমাগম এবং রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এদিকে ১৪৪ ধারা অমান্যের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নোটিশও জারি করা হয়েছে। একই সঙ্গে খুশাব জেলায় পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

এক ভিডিও বার্তায় ফজলুর রহমান জানান, সড়কে বিধিনিষেধ ও অবরোধ থাকা সত্ত্বেও তিনি সারগোধার উদ্দেশে যাত্রা করছেন। তিনি সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জেইউআই-এফের পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজের অভিযোগ, সরকার দলটির বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে। তার দাবি, বিপুলসংখ্যক নেতা-কর্মী সড়কে আটকা পড়েছেন। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ

কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের চলমান রাজনৈতিক বিরোধের মধ্যেই নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে অকার্যকর করে দেওয়ার সমালোচনা করেছিলেন ফজলুর রহমান।

পিএমএল-এন ও পিটিআইয়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েও কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছিলেন তিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রদেশগুলোকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন জেইউআই-এফ প্রধান। এসব বিষয় নিয়ে ফজলুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পালটাপালটি বক্তব্যও সামনে আসে।

এর আগে মঙ্গলবার ফজলুর রহমান অভিযোগ করেন, তার চলাচল সীমিত করার উদ্দেশ্যে তাকে কয়েক ঘণ্টা কার্যত ‘রাষ্ট্রীয় অবরুদ্ধ’ অবস্থায় রাখা হয়েছিল। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বহুদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি বাসা থেকে বের হতে পারেননি। ওই সময় মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার বাসভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।