tanaka
প্রচ্ছদলাইফস্টাইলশীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতের শুষ্ক আবহাওয়া, বাতাসে আর্দ্রতার অভাব এবং ঘরের ভেতরে হিটারের ব্যবহার ত্বককে রুক্ষ ও শুষ্ক করে তোলে। এমন পরিস্থিতিতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং জ্বালাপোড়া কমাতে ময়েশ্চারাইজার ও পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেলথলাইন’-এর তথ্যমতে, শীতকালীন র‍্যাশ (উইন্টার র‍্যাশ) ত্বকের একটি অতি সাধারণ সমস্যা, যা মূলত শুষ্কতা থেকে সৃষ্টি হয়। এর ফলে ত্বকে চুলকানি, লালচে ভাব, ফোলাভাব ও অস্বস্তি দেখা দিতে পারে। ত্বকের ওপর একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে আর্দ্রতা ধরে রাখার মাধ্যমে পেট্রোলিয়াম জেলি এই সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

কেন শীতকালীন র‍্যাশ হয়?

ত্বকের বাইরের স্তরে প্রাকৃতিক তেল ও মৃত কোষ থাকে, যা ত্বকের পানি বা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কম আর্দ্রতা এবং কনকনে বাতাস ত্বকের এই প্রাকৃতিক সুরক্ষা স্তরকে দুর্বল করে দেয়, ফলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। এ ছাড়া ঘরের ভেতরে হিটার ব্যবহারের ফলেও ত্বকের আর্দ্রতা কমে গিয়ে র‍্যাশের ঝুঁকি বাড়ে।

সাধারণ লক্ষণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তি

শীতকালীন র‍্যাশের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, চুলকানি, ত্বকের চামড়া ওঠা, সংবেদনশীলতা বেড়ে যাওয়া এবং ত্বকে ছোট ফুসকুড়ি বা ফোস্কা পড়া। যাদের আগে থেকেই একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াসিস, রোসাসিয়া, অ্যালার্জি বা অ্যাজমার ইতিহাস রয়েছে, তাদের এই র‌্যাশ আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া সংবেদনশীল ত্বকের অধিকারীরাও উচ্চ ঝুঁকিতে থাকেন।

ত্বক সুরক্ষায় করণীয়

শুষ্ক ত্বকের বিরুদ্ধে প্রথম সুরক্ষা হিসেবে ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, কারণ এটি ত্বকের আর্দ্রতা আটকে রাখে। পাশাপাশি পেট্রোলিয়াম জেলি সুরক্ষামূলক আবরণ হিসেবে কাজ করে ত্বকের আর্দ্রতা হারানো রোধ করে। ত্বকের জ্বালাপোড়া কমাতে ওটমিলযুক্ত সাবান ও গোসল বেশ উপকারী হতে পারে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে বা ফার্মেসি থেকে প্রাপ্ত ‘টপিক্যাল হাইড্রোকর্টিসোন ক্রিম’ ব্যবহার করলে চুলকানি ও প্রদাহ কমে।  বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ত্বকে নতুন কোনো প্রসাধনী ব্যবহারের আগে অ্যালার্জি বা প্রতিক্রিয়া যাচাই করতে অবশ্যই ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া উচিত। র‍্যাশ হলে কোনোভাবেই চুলকানো উচিত নয়; এতে ত্বক ফেটে রক্তপাত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শীতকালীন

 

র‍্যাশ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো তীব্র ঠান্ডা ও শুষ্ক বাতাস এড়িয়ে চলা এবং ত্বক সবসময় আর্দ্র রাখা।