tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান জৈন দম্পতির, মূল্য প্রায় ২৭৯ কোটি...

তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান জৈন দম্পতির, মূল্য প্রায় ২৭৯ কোটি টাকা

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন তামিলনাড়ুর চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা এসব অলংকারের আনুমানিক বাজারমূল্য ২০৬ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব স্বর্ণালংকার মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দম্পতি। দাতাদের নাম বর্ধমান জৈন ও রাধিকা জৈন। তারা তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে মূল্যবান অলংকারগুলো তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে হীরাখচিত স্বর্ণালংকারও রয়েছে। মন্দিরটির ইতিহাসে উল্লেখযোগ্য দানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই উপহারকে।

অনুষ্ঠান শেষে দম্পতির প্রতি কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি এই উদ্যোগকে ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি গভীর ধর্মীয় বিশ্বাস ও ভক্তির অনন্য প্রকাশ হিসেবে অভিহিত করেন।

নাইডু বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ২০৬ কোটি রুপির স্বর্ণালংকার দান করা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস থেকেই জৈন দম্পতি এমন উদ্যোগ নিয়েছেন। ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও জানান।

এ সময় মন্দিরটির সমৃদ্ধ ইতিহাসে বিভিন্ন রাজবংশের অবদানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা শাসকরা বিভিন্ন সময়ে মন্দিরে মূল্যবান অলংকার ও উপহার দিয়েছেন। যুগের পর যুগ ধরে শাসক ও সাধারণ ভক্তদের অনুদানেই মন্দিরটি সমৃদ্ধ হয়েছে।

মন্দিরের ধর্মীয় পবিত্রতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি গরু সংরক্ষণ, বৈদিক ঐতিহ্য এবং পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য টিটিডি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নাইডু। তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ কর্মসূচির সম্প্রসারণ, মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং টিটিডির সহযোগিতায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৫ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

এ ছাড়া অন্নদানম বা বিনামূল্যে খাবার বিতরণ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। ভক্তদের উদ্দেশে ‘মানব সেবাই মাধব সেবা’—অর্থাৎ মানুষের সেবার মধ্যেই ঈশ্বরের সেবা নিহিত—এই আদর্শ অনুসরণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

সমাজের বিত্তবানদের জৈন দম্পতির দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ দিয়ে নাইডু বলেন, ব্যক্তিগত সম্পদ শুধু নিজের জন্য ব্যয় না করে সামাজিক কল্যাণ, ধর্মীয় কর্মকাণ্ড এবং অসহায় মানুষের সেবায় ব্যবহার করা উচিত।

সূত্র: এনডিটিভি।