দীর্ঘ সময় বসে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা কিংবা ভারী জিনিস তোলার কারণে পিঠে ব্যথা হতে পারে। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে কর্মজীবী মানুষ, সব বয়সের মধ্যেই এ সমস্যা পরিচিত।
অনেকেই পিঠে ব্যথাকে দৈনন্দিন জীবনের স্বাভাবিক সমস্যা মনে করেন। ব্যথা হলে মালিশের বাম ব্যবহার করেন কিংবা গরম পানির ব্যাগ দিয়ে সেঁক নেন। কিন্তু ব্যথা যদি ক্রমেই বাড়তে থাকে, রাতে ঘুম ভাঙিয়ে দেয় অথবা শরীরের অন্য অংশে দুর্বলতা দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে পিঠের ব্যথা সময়ের সঙ্গে কমে যায়। তবে দীর্ঘস্থায়ী বা ক্রমশ বাড়তে থাকা ব্যথা মেরুদণ্ডের গুরুতর সমস্যার লক্ষণও হতে পারে। তাই এ ধরনের ব্যথা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভাব, ভুল দেহভঙ্গি এবং ভারী জিনিস তোলার ভুল পদ্ধতি পিঠের ব্যথার অন্যতম কারণ। বাম বা গরম পানির সেঁক সাময়িক আরাম দিলেও সমস্যার মূল কারণ দূর করে না।
যেসব লক্ষণে চিকিৎসকের পরামর্শ জরুরি
১. কয়েক সপ্তাহ ধরে ব্যথা: পিঠের ব্যথা দীর্ঘদিন থাকা বা চিকিৎসার পরও না কমা।
২. ক্রমশ ব্যথা বাড়া: সময়ের সঙ্গে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়া।
৩. বিশ্রামেও ব্যথা: বিশ্রামের সময়ও ব্যথা থাকা কিংবা রাতে ব্যথায় ঘুম ভেঙে যাওয়া।
৪. হাত-পা অবশ হওয়া: হাত বা পায়ে অবশভাব কিংবা ঝিনঝিন করা।
৫. পেশির দুর্বলতা: হাত-পায়ের দুর্বলতা বাড়তে থাকা, হাঁটতে বা ভারসাম্য রাখতে সমস্যা হওয়া।
৬. প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানো: প্রস্রাব বা পায়খানা ধরে রাখতে না পারা কিংবা প্রস্রাব করতে অসুবিধা হওয়া।
৭. উরু ও যৌনাঙ্গের আশপাশ অবশ হওয়া: দুই উরুর ভেতরের অংশ ও যৌনাঙ্গের চারপাশে অনুভূতি কমে যাওয়া।
যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন
প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ হারানো, প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাবের জন্য অতিরিক্ত চাপ দিতে হওয়া কিংবা দুই উরুর ভেতরের অংশ ও যৌনাঙ্গের আশপাশ অবশ হয়ে যাওয়া গুরুতর বিপদের লক্ষণ। বিশেষ করে তীব্র কোমরব্যথা বা পায়ের দুর্বলতার সঙ্গে এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে জরুরি বিভাগে যেতে হবে।
চিকিৎসকরা বলেন, এসব লক্ষণ ‘কডা ইকুইনা সিনড্রোম’-এর ইঙ্গিত হতে পারে। মেরুদণ্ডের নিচের অংশের স্নায়ুগুচ্ছে চাপ পড়লে এ অবস্থা তৈরি হয়। দ্রুত চিকিৎসা না হলে প্রস্রাব, পায়খানা ও যৌন সক্ষমতার নিয়ন্ত্রণ স্থায়ীভাবে নষ্ট হতে পারে।
কারা বেশি ঝুঁকিতে
তরুণদের মধ্যে দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক সক্রিয়তার অভাব এবং কর্মক্ষেত্রে ভুল ভঙ্গিতে বসার কারণে পিঠের ব্যথা হতে পারে। অন্যদিকে বয়স্কদের মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় এবং স্পাইনাল ক্যানালের জায়গা সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে। অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের সামান্য পড়ে যাওয়া বা স্বাভাবিক কাজকর্মের কারণেও মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে।
কীভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়
চিকিৎসকরা রোগীর শারীরিক ইতিহাস, শারীরিক পরীক্ষা ও স্নায়বিক মূল্যায়নের মাধ্যমে সমস্যার কারণ নির্ণয় করেন। প্রয়োজন অনুযায়ী এক্স-রে বা এমআরআই করা হতে পারে।
চিকিৎসকদের ভাষ্য, মাত্র ৩ থেকে ৫ শতাংশ ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যায়াম, দেহভঙ্গি সংশোধন এবং জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা সম্ভব। তবে স্নায়ুর ওপর গুরুতর চাপ, ক্রমবর্ধমান স্নায়বিক দুর্বলতা বা মেরুদণ্ডের অস্থিতিশীলতা থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
পিঠে ব্যথা হলেই যে গুরুতর রোগ হয়েছে, এমন নয়। তবে ব্যথা দীর্ঘস্থায়ী হলে, অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে কিংবা ক্রমশ বাড়তে থাকলে অবহেলা করা উচিত নয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস



