ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণার খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবেন না, একমাত্র শীতের আগমনই নিশ্চিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় শীতের প্রস্তুতি হিসেবে সাংবাদিকদের জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন প্রতিমন্ত্রী।
সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’
ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। সব জায়গায় আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সিরিয়াস আলোচনা করব।’
এদিকে, সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো মিশনে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিয়েনা কনভেনশনে এ ধরনের কোনো বিধান নেই বলে এক সাংবাদিক প্রশ্ন তোলেন।
জবাবে হুমায়ুন কবির বলেন, ‘ওই প্রশ্নের তো উত্তর হয়ে গেছে। ঘুরেফিরে শেখ হাসিনার কথা বলে লাভ নেই। সে আসবে না ডিসেম্বরে। আমি তো বলছি, ডিসেম্বরে শেখ হাসিনা হয়ে যাবে শেখ আসবে না। সে ওয়ার্থলেস (মূল্যহীন), ইরিলেভেন্ট (অপ্রাসঙ্গিক)।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক্সট্রাডিশন ট্রিটির (প্রত্যর্পণ চুক্তি) মাধ্যমে তাকে প্লেনে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। দিস ইজ অনলি ওয়ে সি ক্যান কাম (এটাই তার আসার একমাত্র উপায়)।’
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে দেশটির অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁর অবস্থান নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, একজন ব্যক্তিকে নিয়ে দুই দেশের মধ্যে অপ্রয়োজনীয় বিরক্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিষয়টি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
এ প্রসঙ্গে একটি উদাহরণ দিয়ে হুমায়ুন কবির বলেন, কাউকে বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পর তিনি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে থাকলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তাঁর মতে, শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
সবশেষে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আবারও প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। এটাই একমাত্র গ্যারান্টি। শীত আসবে। আপনারা জাম্পার কিনেন, হালকা জ্যাকেট কেনার প্রস্তুতি নেন। এটা বোধ হয় নিশ্চিতভাবেই আসতেছে।’



