tanaka
প্রচ্ছদসারাদেশশিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, সাবেক এমপির পিএস নিহত

শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, সাবেক এমপির পিএস নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তসংলগ্ন একটি ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। এ সময় তারা একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চৌকা সীমান্ত এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। সেখানে ছড়িয়ে থাকা ককটেল তৈরির সরঞ্জাম আলামত হিসেবে জব্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহত টমাস সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।