ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে বিক্রি এবং সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির সর্দারানি রোজি এবং বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রোজি সর্দারানির পরিচয় হয়। পরে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তাকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজি। ওই দিন রাত সোয়া ১০টার দিকে যৌনপল্লীর পেছনের ফটক দিয়ে প্রবেশ করে তরুণীকে মজি ফকিরের বাড়িতে নেওয়া হয়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে নিয়োজিত করেন।
ঘটনার প্রায় এক মাস পর পতিতাবৃত্তিতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর ওপর নির্যাতন চালানো হয়। ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির বাঁশের লাঠি এবং কাঠের চলা দিয়ে তাকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার।
পরে ভুক্তভোগীর চিৎকার শুনে যৌনপল্লীতে কর্মরত একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় পুলিশ তরুণীকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে মামলাটিতে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
রায় ঘোষণার পর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ওই তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার করেন। সেখানে তাকে মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল। এ মামলায় বুধবার আদালত রায় ঘোষণা করেছেন।



