tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি, আবেগঘন বার্তায় জানালেন হতাশা

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি, আবেগঘন বার্তায় জানালেন হতাশা

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় বিশ্বসুন্দরী নির্বাচনের জমকালো আয়োজন। এতে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নিলেও সেমিফাইনালের জন্য নির্বাচিতদের তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের প্রতিনিধির।

প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশের পাশাপাশি দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের প্রচেষ্টা ও অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

মাহি লেখেন, বিশ্বাস করুন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তিনি। দেশ, দেশের মানুষ এবং সমর্থকদের ভালোবাসার প্রতিনিধিত্ব করতে কোনো ঘাটতি রাখেননি। তাঁর জন্য সমর্থকেরাও যেভাবে দিনরাত চেষ্টা করেছেন এবং পাশে থেকেছেন, তা কখনো ভুলবেন না। তবে সবার প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতার ফলাফল নিয়ে আক্ষেপ থাকলেও পুরো যাত্রার অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকেই বড় অর্জন হিসেবে দেখছেন মাহি। তাঁর ভাষায়, জীবনের সব প্রচেষ্টা প্রত্যাশিত সাফল্য এনে দেয় না। কিন্তু তাতে সেই চেষ্টার গুরুত্ব কমে যায় না। কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারাজীবন স্মৃতিতে থেকে যায়। সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা যেকোনো অর্জনের চেয়েও তাঁর কাছে মূল্যবান।

বার্তার শেষাংশে দেশের প্রতি ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে মাহি বলেন, বাংলাদেশই তাঁর পরিচয় ও গর্ব। দেশবাসীর ভালোবাসা সঙ্গে নিয়েই সামনের পথে এগিয়ে যেতে চান তিনি। তাঁকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও জানান এই প্রতিযোগী।

এদিকে, প্রতিযোগিতার পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।

দর্শকদের ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে নির্বাচন করা হয়েছে সেরা ৩০। এই তালিকায় স্থান পেয়েছেন যেসব দেশের ও অঞ্চলের প্রতিনিধিরা—

মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০ প্রতিযোগী:

  1. নিউজিল্যান্ড

  2. চিলি

  3. ব্রাজিল

  4. ভারত

  5. নেদারল্যান্ডস

  6. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ

  7. পেরু

  8. কিউবা

  9. সার্বিয়া

  10. ডমিনিকান রিপাবলিক

  11. কুরাসাও

  12. যুক্তরাষ্ট্র

  13. ইসরাইল

  14. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)

  15. পুয়ের্তো রিকো

  16. তানজানিয়া

  17. মেক্সিকো

  18. গিনি

  19. কলম্বিয়া

  20. ইউক্রেন

  21. পানামা

  22. কোস্টারিকা

  23. উগান্ডা

  24. ফিলিপাইন

  25. ফ্রান্স

  26. ইথিওপিয়া

  27. বেলজিয়াম

  28. ভেনেজুয়েলা

  29. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

  30. নিকারাগুয়া

সেরা ৩০-এর তালিকায় জায়গা না পেলেও প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবেই দেখছেন সামিরা খান মাহি। সমর্থকদের ভালোবাসা ও সহযোগিতাকে পুঁজি করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।