মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মঞ্চে ‘শান্তি’র বার্তা তুলে ধরতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন মিস ইসরাইল ড্যানিয়েল ইয়াবলঙ্কা। ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অভিযান, গাজায় গণহত্যার অভিযোগ এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে তাঁর পোশাকের বিষয়বস্তু নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে সমালোচনা।
গত সপ্তাহান্তে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে অংশ নেন ২৫ বছর বয়সী ইয়াবলঙ্কা। সোনালি অলংকারে সাজানো পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির পেছনের অংশে ছিল জলপাইগাছ ও জাফা কমলার ছবি। পাশাপাশি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি।
বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একাংশ তাঁকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করেন। মঞ্চে বাজতে থাকা সংগীতের মধ্যেও দর্শকদের সেই প্রতিবাদের আওয়াজ শোনা যায়।
পরে পোশাকের পেছনের দিকটি দর্শকদের সামনে তুলে ধরেন ইয়াবলঙ্কা। সেখানে জেরুজালেমের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়। ছবির কেন্দ্রে ছিল আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল রঙের অবয়ব। চারপাশে দেখানো হয় পুরোনো শহরের বিভিন্ন দৃশ্য। পাশাপাশি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেমের নামও লেখা ছিল।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছেন ফিলিস্তিনিরা।
‘শান্তির বার্তা’ নিয়েও কেন এত বিতর্ক
ইয়াবলঙ্কার পোশাক প্রদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার মধ্যে দাঁড়িয়ে শান্তির বার্তা তুলে ধরা দ্বিচারিতার প্রকাশ।
এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ফিলিস্তিনে দখলদারত্ব ও গণহত্যা চলার মধ্যে শান্তির বার্তা লেখা পোশাক পরে মঞ্চে ওঠার কারণেই মিস ইসরাইলকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।
পোশাকে জলপাইগাছ ও জাফা কমলার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জলপাইগাছ ও জাফা কমলা ফিলিস্তিনের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, পশ্চিম তীরে যখন ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনা ঘটছে, তখন সেই গাছের ছবিকেই কীভাবে শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছে?
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৬৯টি হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর অভিযানে বহু জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে।
‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে তোলা’র বয়ান
মঞ্চে ইয়াবলঙ্কার পরিচয় তুলে ধরার সময় উপস্থাপক ইসরাইলকে এমন একটি ভূখণ্ড হিসেবে বর্ণনা করেন, যেখানে ইতিহাস জীবন্ত, বিভিন্ন সংস্কৃতির সমন্বয় ঘটেছে এবং মরুভূমিও ফুলে-ফলে সমৃদ্ধ হয়েছে। শুষ্ক ভূমিকে কীভাবে কৃষিসমৃদ্ধ জনপদে রূপান্তর করা হয়েছে, সে বিষয়টিও তুলে ধরেন তিনি।
তবে উপস্থাপকের এই বক্তব্যকে ঔপনিবেশিক বয়ান হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। তাঁদের অভিযোগ, এ ধরনের উপস্থাপনার মাধ্যমে ফিলিস্তিনের ঐতিহাসিক উপস্থিতি এবং কৃষিনির্ভর সমাজের দীর্ঘ ইতিহাসকে আড়াল করা হচ্ছে।
ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় অটোমান শাসনামলসহ বিভিন্ন সময়ে ফিলিস্তিনের সমৃদ্ধ কৃষি, বাণিজ্য ও কমলা উৎপাদনের ইতিহাস উঠে এসেছে। বিশেষ করে জাফা কমলা একসময় আন্তর্জাতিক বাজারে সুপরিচিত পণ্য ছিল।
মিস ফিলিস্তিনের পোশাকের সঙ্গে তুলনা
মিস ইসরাইলের পোশাক ঘিরে বিতর্কের মধ্যে সামনে এসেছে গত বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া মিস ফিলিস্তিন নাদা আইয়ুবের পোশাকের প্রসঙ্গও।
২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেন আইয়ুব। তাঁর পোশাকেও জেরুজালেমের আল-আকসা মসজিদের ডোম অব দ্য রক এবং চার্চ অব দ্য হলি সেপালকারের ছবি ফুটিয়ে তোলা হয়েছিল। ফিলিস্তিনি শিল্পী নেভেন এলকাদি পোশাকটি তৈরি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে একটি ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানান আইয়ুব। তিনি লেখেন, ‘আমি ঘুরেছিলাম, বিশ্ব জেরুজালেমকে দেখেছিল। এক বছর পর মিস ইসরাইল ঘুরলেন। দৃশ্যটি কি পরিচিত মনে হচ্ছে?’
পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে জেরুজালেমের ছবি তুলে ধরা হলেও সেখানে ফিলিস্তিনিদের নিজস্ব কণ্ঠস্বর কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।
এবারের প্রতিযোগিতায় মিস ফিলিস্তিনের অংশগ্রহণ না করার বিষয়টিও আলোচনায় এসেছে। আইয়ুব জানান, আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠাতে বিপুল অর্থ ও সাংগঠনিক প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের জন্য ফিলিস্তিনে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নেই।
এ ছাড়া গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির কারণে নতুন প্রতিভা তৈরির সুযোগও সীমিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইয়ুব। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও কণ্ঠস্বর তুলে ধরা অত্যন্ত জরুরি।



