tanaka
প্রচ্ছদসারাদেশ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, হযরত আলীর যাবজ্জীবন

১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, হযরত আলীর যাবজ্জীবন

খাগড়াছড়িতে ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলার এক দশক পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান অভিযুক্ত হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি মো. রমজান আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলা এলাকায় খেলাধুলা করছিল শিশু আবু ইউসুফ রানা। এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

এরপর কয়েকজন মিলে রানাকে ধরে দক্ষিণ দিকের পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হযরত আলী ও রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত শিশুর পরিবারের সদস্যরা। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।