দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর শ্রমিকদের মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণের বিষয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়।
পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
এদিকে, শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ শ্রমিকদের জন্য পৃথক মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন মজুরিকাঠামোয় পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
গ্রেড অনুযায়ী নতুন মাসিক মজুরি
| গ্রেড | নির্ধারিত মজুরি |
|---|---|
| গ্রেড-১ | ২১,৫০০ টাকা |
| গ্রেড-২ | ২০,০০০ টাকা |
| গ্রেড-৩ | ১৯,২০০ টাকা |
| গ্রেড-৪ | ১৭,০০০ টাকা |



