tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত বিশেষ তদন্তের ভিত্তিতে এসব শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অথবা বাংলাদেশ সময় বুধবার রাতে তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়তে পারে। এতে দেশের রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এসব দেশ প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে—এমন অভিযোগের ভিত্তিতে তদন্তটি পরিচালিত হয়। তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এসব দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপিত শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। বাতিল হওয়া শুল্কের আংশিক বিকল্প হিসেবে নতুন এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

শুল্কের হার যেভাবে নির্ধারিত হতে পারে

নতুন শুল্কের হার কত হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের বেশির ভাগের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছে ইউএসটিআর। এসব দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউস তা অনুসরণ করতে পারে। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলে এই সীমা কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্ক আরও বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস। তবে দেশটির বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। সেখানে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।

জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।

তবে মাজেরাসের মতে, ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সেক্ষেত্রে শর্ত থাকতে পারে, সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে পর্যায়ক্রমে শুল্কের হার বাড়ানো হবে।

যেসব দেশের বিরুদ্ধে তদন্ত হয়েছে

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে তদন্তের তালিকায়।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।

এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহালের চেষ্টা করছে প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।

অতিরিক্ত উৎপাদনের জন্য চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বেশি দায়ী করছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করছে।

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও যুক্তরাষ্ট্রের তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য উৎপাদন করছে। ওয়াশিংটনের ধারণা, এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

এদিকে চীন থেকে আমদানি করা পণ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতোমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আরও ৭ দশমিক ৫ শতাংশ।