tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। দর্শকের ভোটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত প্রতিযোগিতার পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ হলো না তাঁর। এর মধ্য দিয়ে এবারের আসরে শেষ হলো বাংলাদেশের প্রতিনিধির যাত্রা।

পুয়ের্তো রিকোয় বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠান শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শকের ভোটে ভালো অবস্থানে ছিলেন মাহি। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উঠে এসেছিলেন প্রথম অবস্থানেও। তবে চূড়ান্ত ফলাফলে সেরা ৩০-এ জায়গা হয়নি তাঁর।

এর আগে গত মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর তুলনায় ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। ব্যবধান কমিয়ে এগিয়ে যেতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে দর্শকদের আরও বেশি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ জন প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বাছাই করা হয়। তবে দর্শকের ভোটে সরাসরি সেমিফাইনালে যাওয়ার বিশেষ সুযোগটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।

পিপলস চয়েজ বিভাগে দর্শকের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। অন্যদিকে সেরা ৩০-এর তালিকায় জায়গা পাওয়া প্রতিযোগীদের মধ্যে নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া ও ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা রয়েছেন।

দর্শকের ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে সেমিফাইনালের জন্য প্রতিযোগী নির্বাচন করা হয়েছে।

সেরা ৩০-এর প্রতিযোগীরা সুইমস্যুট পর্বে অংশ নেবেন। এই পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ কয়েক ধাপের মূল্যায়ন শেষে নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।

এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। দুই পর্বেই তাঁর উপস্থিতি ও সৌন্দর্যের প্রশংসা করেন ফ্যাশন বিশ্লেষকেরা। তবে প্রাথমিক পর্বের সেই প্রশংসা শেষ পর্যন্ত তাঁকে গ্র্যান্ড ফিনালের সেরা ৩০-এ পৌঁছে দিতে পারেনি।